Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় শ্রমিক দল নেতার ওপর হামলার অভিযোগ

প্রতিবেদক
জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়াকে কেন্দ্র করে মল্লিকবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ রবিউল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। একই সংগঠনের আহ্বায়ক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ আনা হয়েছে। আহত রবিউল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালুকায় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বাধীন কর্মসূচিতে অংশ নেন মল্লিকবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ রবিউল ইসলাম। অন্যদিকে, একই ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোমিন ফকির এমপি বাচ্চুর বলয়ের ওই কর্মসূচিতে না গিয়ে অন্য একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন।

নেতাকর্মীদের দাবি, এমপি বাচ্চুর কর্মসূচিতে অংশ নেওয়ার ‘অপরাধে’ মোমিন ফকির ও তাঁর ছোট ভাই সুজন ফকিরসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে শেখ রবিউল ইসলামের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

একই সংগঠনের দুই শীর্ষ দায়িত্বশীল নেতার মধ্যে দলীয় কর্মসূচি পালন নিয়ে এমন হামলায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নেতাকর্মীরা জানান, রাজনৈতিক অভিমত বা মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে একজন দায়িত্বশীল নেতার ওপর হামলা সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে মল্লিকবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ও প্রধান অভিযুক্ত মোমিন ফকিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর কোনো মন্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।