
জামালপুর সদর উপজেলার ২নং শরীফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ও আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের হামিদপুর গ্রামে নিজ বাড়িতে নির্বাচনী সমাজভিত্তিক আলোচনা সভার আয়োজন করেন শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান হামিদী। সভায় আনুষ্ঠানিকভাবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন তিনি।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী, প্রবীণ মুরব্বি, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা মো. মিজানুর রহমান হামিদীর দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক কর্মকাণ্ড ও দলের জন্য তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। বক্তারা জানান, তিনি নান্দিনা কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং নান্দিনা কলেজ সংসদ নির্বাচনে ‘উজ্জ্বল মিজান পরিষদ’-এর জিএস পদপ্রার্থী হিসেবেও দায়িত্ব পালন করেন।
এছাড়া সম্মেলনে সরাসরি ভোটে শরীফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আহ্বায়ক এবং পরবর্তীতে একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন বলে সভায় উল্লেখ করা হয়। এর আগে তিনি জামালপুর সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেন।
বক্তারা আরও বলেন, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মিজানুর রহমান হামিদী সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের দিকনির্দেশনায় তিনি শরীফপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। এর আগেও তিনি বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে সভায় জানানো হয়।
সভায় নিজের প্রার্থিতা ঘোষণা করে মো. মিজানুর রহমান হামিদী বলেন, দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। ইউনিয়নবাসীর দাবি ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই তিনি এবার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের নাগরিকদের সেবা সহজ ও হয়রানিমুক্ত করা, রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার, মাদক, দুর্নীতি ও বাল্যবিয়ে প্রতিরোধ এবং সরকারি অনুদানের সঠিক বণ্টন নিশ্চিত করতে কাজ করবেন।
তিনি আরও বলেন, “জনগণের অধিকার আদায় এবং একটি সুন্দর, মাদকমুক্ত ও বৈষম্যহীন শরীফপুর ইউনিয়ন গড়ে তুলতে আমি আপনাদের সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করি।”
সভায় উপস্থিত স্থানীয় প্রবীণ, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অনেকে তাঁর প্রার্থিতাকে স্বাগত জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকা একজন রাজনৈতিক কর্মী হিসেবে মিজানুর রহমান হামিদীকে তারা ইউনিয়ন পরিষদের নেতৃত্বে দেখতে চান।
পরে দেশ ও জাতির কল্যাণ, এলাকার শান্তি-শৃঙ্খলা এবং সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com