Durnitibarta.com
ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার

প্রতিবেদক
উবায়দুল্লাহ রুমি বিশেষ প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও মারধরের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলার ২ নম্বর আসামি মেহেদী হাসান মঞ্জু ওরফে মঞ্জুরুল হককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মঞ্জুকে শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ারেন্টের ভিত্তিতে মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার এসআই মুকুল সরকার, এএসআই শাহ আলম, কাঞ্চন মিয়া ও মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার কাজীশিমলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোবিন্দপুর গ্রামের বাসিন্দা আবুল খায়ের (৫৯) জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১ মে শুক্রবার সকালে বাড়ির পাশে জমিতে অবস্থানকালে আবুল খায়ের ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে তাঁদের মারধর করেন। এতে পরিবারের সদস্যরা আহত হন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উক্ত মামলায় মেহেদী হাসান মঞ্জু ওরফে মঞ্জুরুল হককে ২ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া খায়রুল ইসলাম রতন, মাসুদ মিয়া, শহিদ মিয়াসহ ১১ জনের নাম উল্লেখ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঞ্জু ও তার ভাই রতনের বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, ভূমি দখল, চাঁদাবাজি এবং বিভিন্ন বিরোধকে কেন্দ্র করে হয়রানির অভিযোগ রয়েছে। তাদের কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের একটি অংশ অতিষ্ঠ বলেও অভিযোগ করেছেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বলেন, হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জুকে ওয়ারেন্টের ভিত্তিতে ত্রিশাল উপজেলার কাজীশিমলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।