ময়মনসিংহের ফুলপুরে কৃষকের পাকা ধান কেটে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহামেদ শাওন নিজের ফেইসবুকে প্রকাশিত ছবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কৃষকের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করা হলেও, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের এমন কার্যক্রম নিয়ে নানা প্রশ্নও উঠেছে।
কৃষকের দুঃসময়ে সহায়তা করাকে অনেকেই মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন। তবে কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রচারণা ও নিজেদের সক্রিয়তা জানান দেওয়ার কৌশল বলেও মন্তব্য করছেন।
এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা মতামত দেখা গেছে। অনেকেই কৃষকের পাশে দাঁড়ানোর প্রশংসা করলেও, নিষিদ্ধ সংগঠনের নাম জড়িয়ে প্রকাশ্যে এমন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন।
ফুলপুর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহামেদ শাওন বলেন, এই দেশের সবচাইতে বড় সম্পদ হচ্ছে কৃষক। কৃষকের তীব্র পরিশ্রমের মাধ্যমে আমাদের খাদ্য সংকট নীরসন হয়। সরকারের উচিত কৃষকবান্ধব উদ্যোগ নেওয়া। যদি ও বর্তমান সরকার কৃষকের ব্যাপারে উদাসীন। তাই কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য শেখ হাসিনার নির্দেশে সাড়া বাংলাদেশ ব্যাপী ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে। তার ই অংশ হিসেবে ফুলপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের পাশে দাঁড়িয়েছে। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতে ও চলমান থাকবে ইনশাআল্লাহ।
ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, নিষিদ্ধ ছাত্রলীগের ধান কাটার বিষয়টি ফেসবুকে দেখছি। তবে কোথায়, কখন কার ধান কেটেছে তা এখনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি দেখি কি করা যায়।

