Durnitibarta.com
ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষ, বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান

প্রতিবেদক
Dhaka Office
মে ১৮, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি বিমান প্রদর্শনী চলাকালীন মাঝআকাশে মার্কিন নৌবাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধবিমানের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (১৭ মে) স্থানীয় সময় বিকেলে আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে আয়োজিত ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বিমান দুটি মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হলেও বিমানে থাকা মোট চারজন ক্রুর সবাই প্যারাশুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর স্থানীয় সহযোগী চ্যানেল কোমো নিউজের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমান দুটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ‘ইএ-১৮জি গ্রাউলার’ মডেলের যুদ্ধবিমান ছিল। মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই সামরিক ঘাঁটির বিশেষ জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, মাঝআকাশে বিমান দুটির মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হওয়ার পর সেগুলো দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে পড়তে থাকে। মাটিতে আছড়ে পড়ার সাথে সাথেই সেখানে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। তবে একই সময়ে বিমান থেকে ইজেক্ট করা চারজন ক্রুকে প্যারাশুট নিয়ে ধীরে ধীরে অক্ষত অবস্থায় নিচে নেমে আসতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমানগুলো ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটিভিত্তিক একটি স্কোয়াড্রনের অংশ ছিল।

মার্কিন আরেকটি শীর্ষ সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পর গানফাইটার স্কাইজ এয়ার শোর বাকি সব কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে পুরো সামরিক ঘাঁটিতে কঠোর লকডাউন জারি করা হয়েছে। সামরিক কর্তৃপক্ষ ইতিমধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।

সূত্র: বিবিসি