ময়মনসিংহের ফুলপুরে দেয়াল ভেঙে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও ডামি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— হালুয়াঘাট উপজেলার মাঝিয়াকান্দা এলাকার আহাম্মদ আলী ও পারুল বেগমের ছেলে মোঃ রবিন (১৯) এবং ফুলপুর উপজেলার আশি পাঁচ কাহনিয়া এলাকার আব্দুস সালাম ও ইনুফা খাতুনের ছেলে মোঃ আশরাফুল (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে ফুলপুর গোলচত্বর সংলগ্ন বঙ্গবন্ধু মোবাইল মার্কেটের “নূর টেলিকম” নামের একটি দোকানে দেয়াল ভেঙে চুরি সংঘটিত হয়। চুরির ঘটনার কিছু অংশ দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
এ ঘটনায় ১৭ মে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর-১৮ এবং ধারা ৪৫৭/৩৮০, পেনাল কোড-১৮৬০।
পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার কামরুল হাসানের নির্দেশনায় ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) জিকরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত রবিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে রয়েছে— Symphony A30 এর ৮টি, Symphony A20 এর ৩টি, Symphony L137 এর ২টি, Symphony L48 এর ১টি, Itel 52 এর ১টি, Nokia 108 এর ১টি, Nokia 105 এর ১টি এবং পুরাতন বাটন ফোন ৩টি। এসব মোবাইলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ১০টি ডামি মোবাইল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১০ হাজার টাকা।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের সোমবার (১৮ মে) সকালে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত রবিনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় পূর্বেও একটি চুরির মামলা রয়েছে।

