বার্তা ডেস্ক: বগুড়ায় ৫ বস্তা ফেনসিডিল উদ্ধার ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে বগুড়া সদরের কুকরুল মধ্যপাড়া গ্রাম থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় সুমা খাতুন নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করে পুলিশ। আটককৃত সুমা খাতুন কুকুরুল মধ্যপাড়া গ্রামের বাবলা মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে কুকরুল মধ্যপাড়া গ্রামের বাবলার বাড়িতে পুলিশ গেলে তিনি পালিয়ে যান। পরে পুলিশের কাছে থাকা তথ্য মতে বাবলার বাড়ির পার্শ্বে সরিষা মাড়াই এর পর উচ্ছৃষ্টি গাছ দিয়ে ঢেকে রাখা প্লাস্টিকের ৫ টি ছোট ছোট বস্তা থেকে ৭৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে বাবলার স্ত্রী সুমা খাতুনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে, ফেন্সিডিল গুলো তার স্বামী এনে রেখেছেন।এঘটনায় তাকে আটক করা হয়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, আটক সুমা খাতুন ও তার স্বামী বাবলা চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

