Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর আসাদ গেটে পাম্পে তেল নিতে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শন

প্রতিবেদক
Dhaka Office
মার্চ ১০, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে ব্যক্তিগত গাড়িতে তেল নেওয়ার সময় এক সাংবাদিক আগ্নেয়াস্ত্র বের করেছেন। রোববার (৯ মার্চ) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত সাংবাদিকের নাম সৈয়দ মাহমুদুল ইল্লাহ। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে কর্মরত। পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকের অস্ত্রের লাইসেন্স পরীক্ষা করে বিষয়টি মীমাংসা করেছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়িতে তেল নেওয়ার পর পাম্পের একজন কর্মচারীর সঙ্গে সাংবাদিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায় তিনি কর্মচারীর দিকে এগিয়ে গিয়ে কোমর থেকে পিস্তল বের করেন। এতে আশপাশের লোকজন জড়ো হন এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

সৈয়দ মাহমুদুল ইল্লাহ জানান, তিনি ব্যক্তিগত গাড়ির জন্য তেল নিতে পাম্পে গিয়েছিলেন। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাকে ১ হাজার ৫০০ টাকার তেল দিতে চাইলে তিনি গাড়ির ট্যাংক ভরে দেওয়ার অনুরোধ করেন। কর্মচারী অস্বীকার করলে তিনি সাংবাদিক পরিচয় দেন, কিন্তু তখন তেল বিক্রয়কর্মী তাঁকে গালাগালি করেন। পরে মারতে এগিয়ে আসলে তিনি আত্মরক্ষার জন্য অস্ত্র প্রদর্শন করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনায় ফিলিং স্টেশনগুলো থেকে তেলের সরবরাহ সীমিত রাখা হয়েছে। মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার, ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার এবং এসইউভি/মাইক্রোবাসে ২০-২৫ লিটার তেল বিক্রি করা হচ্ছে। এর ফলে সাংবাদিক ট্যাংক ভরে তেল নিতে চাইলে বিক্রয়কর্মী অস্বীকৃতি জানান, যার পর তিনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন।

ঘটনার সময় উপস্থিত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় সাংবাদিকের অস্ত্রের লাইসেন্স পরীক্ষা করে বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা করেন।