Durnitibarta.com
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে পেট্রোল পাম্পে তেল সংকট, অবৈধ মজুদে বিপুল জ্বালানি উদ্ধার

প্রতিবেদক
Editor
মার্চ ২৮, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি,ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিরতার প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহনে ঝুঁকি তৈরি হওয়ায় দেশে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে বিভিন্ন স্থানের মতো ময়মনসিংহের ফুলপুরেও পেট্রোল পাম্পগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় অবৈধ মজুদ ঠেকাতে প্রশাসন কঠোর নজরদারি শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ মার্চ) দুপুরে ফুলপুর উপজেলার পৌর এলাকার ৯ নম্বর আমুয়াকান্দা ওয়ার্ডে একটি মিনি পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর এ.বি.এম. মোশারফ হোসেন এবং ফুলপুর থানার পুলিশ সদস্যরা।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে আমুয়াকান্দার পয়ারী রোডের কাড়াহা মোড় এলাকায় মেসার্স পপি ট্রেডার্স নামীয় মিনি পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুদ করা ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল ও ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাম্পের মালিক হাবিবুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত তেল পাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।