Durnitibarta.com
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় ৯ শিশুর হাম শনাক্ত, বাড়ছে আক্রান্তের সংখ্যা

প্রতিবেদক
Dhaka Office
এপ্রিল ১, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ নেত্রকোনায় নয়জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল পর্যন্ত পাঁচজন শিশু নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা সবাই নেত্রকোনার বিভিন্ন উপজেলার বাসিন্দা। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আক্রান্ত শিশুদের বয়স ছয় মাস থেকে তিন বছরের মধ্যে। শনাক্ত হওয়া নয়জন শিশুদের মধ্যে চারজনের বাড়ি সদর উপজেলায়, দুইজনের বাড়ি পূর্বধলা উপজেলায়, দুইজনের বাড়ি আটপাড়া ও একজনের বাড়ি কলমাকান্দা উপজেলায়।

মঙ্গলবার দুপুর ১টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয়তলায় শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে পাশের একটি কক্ষে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে পাঁচজন শিশু ভর্তি রয়েছে। ওই পাঁচজনের মধ্যে তিনজন শিশুকে শুধু বেডে রাখা হয়েছে। অন্য দুজনকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মাজহারুল আমিন যুগান্তরকে বলেন, এ পর্যন্ত হাসপাতালে ভর্তি নয়জন হাম রোগের শিশুর মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। পাঁচজন রোগীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

নেত্রকোনা সিভিল সার্জন গোলাম মাওলা বলেন, জেলার হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। টিকার কোনো ঘাটতি নেই।