নিজস্ব প্রতিবেদক :
শেরপুরে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং জনভোগান্তি কমাতে প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) শেরপুর সদর উপজেলার হক ফিলিং স্টেশন পরিদর্শন ও তদারকি কার্যক্রম পরিচালনা করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ।
পরিদর্শনকালে তিনি পাম্প কর্তৃপক্ষকে নির্দেশ দেন, বিদ্যমান মজুত শেষ না হওয়া পর্যন্ত যেন নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম চালু রাখা হয়। কোনো অবস্থাতেই সরবরাহে বিঘ্ন না ঘটাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জোর দিয়ে বলা হয়।
একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাম্পে আগত গ্রাহকদের নির্ধারিত লেন শৃঙ্খলা কঠোরভাবে নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়, যাতে বিশৃঙ্খলা এড়িয়ে সুশৃঙ্খলভাবে জ্বালানি বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় গ্রাহকদের প্রতিও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। তাদের ধৈর্য ধারণ করে নির্ধারিত লেন অনুসরণ করার পাশাপাশি অপ্রয়োজনীয় বা অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে পারস্পরিক সহনশীলতা, দায়িত্বশীল আচরণ এবং মানবিক মূল্যবোধ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়, যাতে সার্বিকভাবে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং জনদুর্ভোগ কমে আসে।

