বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্বে কিল ঘুষিতে মোফাজ্জল হোসেন (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। ১৭ এপ্রিল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বোকাইনগর ইউনিয়নের বাঘবেড় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কিশোর মোফাজ্জল হোসেন মৃত আলাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় পাইবাকুড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভিকটিম মোফাজ্জল হোসেন সহপাঠীদের নিয়ে বাড়ির সামনে চেয়ারে বসা ছিল। এসময় তারা মোবাইল ফোনে গেইম খেলছিলো। চেয়ার কম থাকায় একজন আরেকজনকে উঠতে বলে, এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে মোবারক হোসেন মোফাজ্জল হোসেনের গায়ে কয়েকটি কিল ঘুষি ও লাথি মারে। এসময় একটি লাথি অন্ডকোষে লাগলে মোফাজ্জল সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে আশপাশের লোকজন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোফাজ্জল হোসেনকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় বোকাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আল মুক্তাদির বলেন, ঘটনাটি দুঃখজনক। শুনেছি চেয়ারে বসা নিয়ে এ ঘটনা ঘটেছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় বলেন, এ ঘটনায় অভিযুক্ত মোবারক হোসেনকে গ্রেফতার চেষ্ঠা অব্যহত রয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

