Durnitibarta.com
ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

দুই সপ্তাহে ৮৭ স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩ পরিবহনে আগুন

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ২১, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। গত ৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত মাত্র ১৩ দিনে সারা দেশে ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নাশকতার এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৯টি মামলা দায়ের করা হয়েছে এবং ৬৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২১ নভেম্বর) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এই ১৩ দিনে সাধারণ পরিবহনের পাশাপাশি পুলিশের স্থাপনা ও যানবাহনও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এ সময়ে সারা দেশে পুলিশের ৪টি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং ২৮টি সরকারি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ককটেল বিস্ফোরণে পুলিশের তিনটি স্থাপনা ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় দায়েরকৃত ৩৯টি মামলায় অভিযান চালিয়ে ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং যেকোনো ঘটনায় দ্রুততম সময়ে সাড়া দেওয়াসহ (রেসপন্স) নানামুখী কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ কোনো দল যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। কেউ জনশৃঙ্খলা বিঘ্নিত করা বা নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।