তপু রায়হান রাব্বি
ফুলপুরজ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মসিংহের ফুলপুরে খেলাফত মজলিসের জেলা যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা শাখার সহ-সভাপতি মাওঃ আজহারুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে খেলাফত মজলিসের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় ময়মনসিংহ-২ আসনের এমপি মুফতি মুহাম্মদুল্লাহ এর দিকনির্দেশনায় মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে গোলচত্বর এসে বক্তব্য দেন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুফতি নাইমুদ্দিন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা ।
এ সময় বক্তারা আজহারুল ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের চিহ্নিত ও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মাওঃ আজহারুল ইসলাম বলেন, বিএনপির কৃষকদলের সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি এ্যাডভোকেট আবুল বাশার আকন্দের বাসায় অগ্নিসংযোগ এর ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুঃ বিকাল ৪টার দিকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় আমি উপজেলা নির্বাচন অফিস থেকে বের হয়ে মিছিলটির পাশ দিয়ে যাওয়ার কিছুক্ষণ পর কিছু লোক আমার উপর হামলা চালায়। পরে আমি হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নেই। তবে যারা আমার উপর হামলা চালিয়েছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

