Durnitibarta.com
ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার

প্রতিবেদক
উবায়দুল্লাহ রুমি বিশেষ প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজ পিতা মাতাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও ভরণ পোষণ না দেওয়ার অভিযোগে নূর জামাল (৩৫) নামের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) সকালে মামলা দায়েরের মাত্র এক ঘণ্টার ব্যবধানে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নূর জামাল ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের (৯ নম্বর ওয়ার্ড) আব্দুল হাই ও আম্বিয়া খাতুন দম্পতির ছেলে। এই ঘটনায় তার বৃদ্ধা মা মোছাঃ আসিয়া খাতুন (৬২) বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, অভিযুক্ত নূর জামাল দীর্ঘদিন ধরে তার বৃদ্ধ বাবা মায়ের ভরণ পোষণ না দিয়ে উল্টো তাদের শারীরিক নির্যাতন, মারধর এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল। নিরুপায় হয়ে রোববার সকাল ৮টা ২০ মিনিটে ভুক্তভোগী মা মোছাঃ আসিয়া খাতুন ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পিতা মাতার ভরণ পোষণ আইন, ২০১৩-এর ৫(১) ধারাসহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা (এফআইআর নং-১১, জি.আর নং-২৪২) রুজু করা হয়।

মামলা রুজু হওয়ার পরপরই ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমনের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযানে নামে। অত্যন্ত দ্রুততার সাথে অভিযান পরিচালনা করে সকাল সাড়ে ৯টার মধ্যেই নিজ এলাকা থেকে আসামি নূর জামালকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে রোববারই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পারিবারিক সহিংসতা প্রতিরোধ, প্রবীণদের সুরক্ষা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সর্বদা তৎপর ও বদ্ধপরিকর।