সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও জনসেবামূলক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা তৈরিতে এবার মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) জুম্মার নামাজের আগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মায়ের দোয়া জান্নাতুন বাকি জামে মসজিদে এ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় ওসি মো. ফিরোজ হোসেন মাদকদ্রব্যের ভয়াবহতা, চুরি-ছিনতাই, কিশোরী ও নারীদের নিরাপত্তাসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিষয়ে মুসল্লিদের সচেতন করেন। তিনি অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, মোবাইলে কি করছেন, সন্ধার পরে কোথায় যাচ্ছেন কি করছেন সে বিষয়ে নজর দিতে হবে। কেননা স্বর্ণ চিনলে স্বর্ণ, না চিনলে কিন্তু পিতল ভেবে ফেলে দিতে হবে। তাই সামাজিক অপরাধ প্রতিরোধে সবার সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। নিজ নিজ অবস্থান থেকে সবাই এগিয়ে এলে অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি আহ্বান জানান। এ সময় স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর পক্ষে এ উদ্যোগে আমন্ত্রণ জানান তাকওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তপু রায়হান রাব্বি।

