হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। একই এলাকায় একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী (এলপিজি) জাহাজে নৌমাইনের আঘাতে বিস্ফোরণের খবরও জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, সিরিক উপকূলের কোহস্তাক এলাকায় ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ইরানের নৌবাহিনী বলেছে, দেশের ভূখণ্ড, সমুদ্রসীমা ও জাতীয় স্বার্থ রক্ষায় তারা সব সময় প্রস্তুত এবং এ ক্ষেত্রে কোনো ছাড় দেবে না।
ড্রোন ভূপাতিতের পর এর কিছু ছবি প্রকাশ করেছে ইরনা। ছবিতে সামরিক সরঞ্জামের ক্ষতিগ্রস্ত কিছু অংশ দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।
এদিকে, হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণের খবর জানিয়েছে আইআরজিসির নৌবাহিনী। তাদের দাবি, জাহাজটি চলাচলের জন্য নিষিদ্ধ একটি ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করছিল। ওই পথে না যেতে জাহাজটিকে বারবার সতর্ক করা হয়েছিল।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার সময় জাহাজটি একটি নৌমাইনে আঘাত করলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এর আগে একই এলাকায় বিস্ফোরণের শিকার হওয়া জাহাজগুলোর পরিণতি থেকেও তারা শিক্ষা নেয়নি বলে দাবি করেছে বাহিনীটি। মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তার ওপর ভরসা করে জাহাজটি ওই পথে চলাচলের চেষ্টা করেছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি করে আইআরজিসি জানিয়েছে, ইরানের নিয়ম মেনে চলাচল না করলে কোনো জাহাজকে ছাড় দেওয়া হবে না। অনুমতি ছাড়া নির্ধারিত পথের বাইরে চলাচল না করতে অন্য জাহাজগুলোকেও সতর্ক করেছে বাহিনীটি।
সূত্র: আল জাজিরা

