ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও সরকারবিরোধী মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ১ নম্বর ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য (মেম্বার) আতিকুল ইসলাম ওরফে পিয়াসকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। তিনি কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠন ছাত্রলীগের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক।
বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে মঙ্গলবার (১০ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আতিকুল ইসলাম পিয়াস উপজেলার দড়িপাচাশি গ্রামের গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায়, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে এবং ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইউপি সদস্য আতিকুল ইসলাম ঈশ্বরগঞ্জ থানার একটি নিয়মিত মামলার (মামলা নং-০৮ এর এজাহারনামীয় সন্দেহভাজন আসামি। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং বিভিন্ন সময় বিক্ষোভ মিছিলের আয়োজন ও নেতৃত্ব দিয়ে আসছিলেন। এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ও সম্ভাব্য বিশৃঙ্খলা রোধে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নাশকতা প্রতিরোধে পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ইউপি সদস্যকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

