তিন দফা জানাজা, সর্বত্র মানুষের উপচে পড়া উপস্থিতি আর অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বাবা আলহাজ্ব জসিম উদ্দিন। মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ জোহর উপজেলার পস্তাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে বড়হিত ইউনিয়নের পাড়ানারায়ণপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁকে শেষ বিদায় জানাতে জানাজায় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে।
মরহুমের প্রথম জানাজা সোমবার (৯ নভেম্বর) বাদ এশা ঢাকার গুলশান আজাদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ঈশ্বরগঞ্জ বাইতুল কোরআন হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আহমাদ আলী।
দ্বিতীয় জানাজায় অংশ নিতে সকাল থেকেই বড় খেলার মাঠে মানুষের সমাগম ঘটতে থাকে। সংসদ সদস্যের বাবাকে শেষবারের মতো বিদায় জানাতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন হাজারো মানুষ। জানাজায় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ।
এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ঈশ্বরগঞ্জের সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব ড. আওরঙ্গজেব বেলাল প্রমুখ।
এ ছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, আলেম ওলামা, শিক্ষক, সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশ নেন। জানাজায় অংশগ্রহণকারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পরে মঙ্গলবার বাদ জোহর বেলা ২টায় উপজেলার পস্তাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের আত্মীয় সম্পর্কে নাতি হাফেজ কামরুল ইসলাম রাসেল। তৃতীয় জানাজায়ও আত্মীয়স্বজন, স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীদের ব্যাপক উপস্থিতি ছিল। জানাজা শেষে মরহুমের মরদেহ তাঁর নিজ গ্রাম বড়হিত ইউনিয়নের পাড়ানারায়ণপুরের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন আলহাজ্ব জসিম উদ্দিন। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়ানারায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম মরহুম আব্দুল মজিদ সরকার এবং মায়ের নাম জহুরা খাতুন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। ছোট ছেলে আব্দুল্লাহ আল মামুন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। দুই মেয়ের মধ্যে মলি আক্তার অস্ট্রেলিয়ার নাগরিক এবং পলি আক্তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন।

