নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠান এবং ‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সততা, দেশপ্রেম ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে কীভাবে একটি স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারে, সে লক্ষ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘জাতীয় ছাত্রশক্তি’, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।
অনুষ্ঠানে ২০২৫-২৬ সেশনের নবাগত শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর ‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক রচনা ও চিন্তাধারামূলক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নতুন শিক্ষা দিয়েছে। নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর। তাদের চিন্তা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমেই নোবিপ্রবিসহ পুরো দেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।”
জাতীয় ছাত্রশক্তি নোবিপ্রবি শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী এবং বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী এ আয়োজনে উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ এই আয়োজনের সমাপ্তি ঘটে।

