নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোনার পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর/২৬) পূর্বধলা থানা-পুলিশের অভিযানে মো. জামাল মিয়া (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার ভিকুনিয়া গ্রামের মৃত শহীদ আলীর ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় জামাল মিয়ার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নির্দেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

