Durnitibarta.com
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের উদ্বোধন

প্রতিবেদক
উবায়দুল্লাহ রুমি বিশেষ প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ এর সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা, আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার প্রত্যয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করেছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বর ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।

র‍্যালি শেষে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। এ সময় যুবসমাজের ইতিবাচক ভূমিকা, দক্ষতা অর্জন ও আত্মনির্ভরশীল হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম ও জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল কায়সার তালুকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠনের প্রতিনিধি এবং প্রশিক্ষণার্থীরা।

যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা যায়, জাতীয় যুব দিবস উপলক্ষে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে যুব সমাজকে সামাজিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সচেতনতা, দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির প্রথম দিনে যুব র‍্যালি ও উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২ নভেম্বর উপজেলা পরিষদের সামনের রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। ৩ নভেম্বর উপজেলার বিভিন্ন সরকারি অফিস প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। ৪ নভেম্বর ঈশ্বরগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ৫ নভেম্বর বিআরডিবি হলরুমে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ৬ নভেম্বর উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে উদ্যোক্তা এবং আত্মকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ দিন ৭ নভেম্বর উপজেলা পরিষদ হলরুমে সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং যুবদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হবে।

সপ্তাহব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে তরুণদের দক্ষতা ও কর্মমুখী প্রশিক্ষণের প্রতি আগ্রহ বাড়ানো, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধের মতো সামাজিক কর্মকাণ্ডে যুবসমাজের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

দেশের জনসংখ্যার একটি বড় অংশ যুবসমাজ। এই বিশাল জনগোষ্ঠীকে যথাযথ প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে জাতীয় উন্নয়ন আরও গতিশীল হবে। দক্ষতা, সৃজনশীলতা ও কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে তরুণরাই একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।