Durnitibarta.com
ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে সাবেক এমপির ভাতিজাসহ গ্রেফতার ৫

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ৩১, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে শ্যামগঞ্জের ডেঙ্গার মোড়ে ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্যের ভাতিজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গৌরীপুরের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদের ভাতিজা ও সিধলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফেরদৌস আহমেদ শাকিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মইলাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অপূর্ব, ছাত্রলীগকর্মী শাহরিয়ার ইয়াদ এবং তারাকান্দার আওয়ামী লীগ কর্মী হুমায়ুন কবীর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার শ্যামগঞ্জের ডেঙ্গার মোড়ে তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ‘প্রত্যাবর্তন ২.০’ লেখা ব্যানার নিয়ে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা হলে রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে গ্রেপ্তার হওয়া শাহরিয়ার ইয়াদ শনিবার সকালে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৩ দশমিক ৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তবে পাসের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারেননি তিনি। তাঁর বাবা মইলাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন মনোজ ছেলের পাসের খবরে আনন্দের পাশাপাশি পুলিশি হয়রানির অভিযোগ তুলে ফেসবুকে আক্ষেপ প্রকাশ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তোফায়েল আহমেদ জানান, ভিডিও ফুটেজ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।#