Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানের গোলরক্ষক

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ১৩, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ দলে হামজা দেওয়ান চৌধুরী ও জামাল ভূঁইয়া থাকলেও প্রতিপক্ষের কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে ভাবছেন না পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। তাঁর কাছে গুরুত্বপূর্ণ পুরো দল। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালের আগে এমনটাই জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার।

হামজাকে নিয়ে বাংলাদেশে আলোচনা থাকলেও তা নিয়ে পাকিস্তানের কোনো মাথাব্যথা নেই বলে জানান ইউসুফ। তিনি বলেন, ‘হামজা বা অন্য কাউকে নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলা।’

বাংলাদেশের মতো পাকিস্তান দলেও প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন বলে মনে করিয়ে দেন ইউসুফ। আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমান, আদিল নবী ও আবদুল আরশাদের নাম উল্লেখ করে তিনি বলেন, তাঁদের দলও ভালো প্রস্তুতি নিয়েছে। পাঁচজন নতুন খেলোয়াড় দলের সঙ্গে যোগ দিয়ে সহায়তা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে ১-০ গোলে হারের প্রসঙ্গও তোলেন ইউসুফ। ওই ম্যাচে আত্মঘাতী গোলের কারণে বাংলাদেশ ভাগ্যবান ছিল বলে মন্তব্য করেন তিনি। এবার ভিন্ন ফলের আশাও করছেন পাকিস্তানের এই গোলরক্ষক।

বাংলাদেশের সমর্থকদের উপস্থিতি ও ঘরের মাঠের চাপ নিয়ে কথা বলতে গিয়ে ভিএআর প্রযুক্তির সহায়তা পাওয়ায় সন্তুষ্টি জানান ইউসুফ। তাঁর মতে, স্বাগতিক দলের সমর্থকদের কারণে তৈরি হওয়া চাপ সামলাতে এ প্রযুক্তি পাকিস্তানকে সাহায্য করতে পারে।

ভারতের বিপক্ষে ফাইনাল খেলার স্বপ্নও দেখছেন ইউসুফ। তবে আপাতত বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালেই মনোযোগ তাঁদের। ভারতের বিপক্ষে আগের ম্যাচটিকে নিজেদের সাম্প্রতিক সময়ের অন্যতম বাজে পারফরম্যান্স উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আশা করি, ইনশাআল্লাহ আমরা ফাইনালে আবারও তাদের মুখোমুখি হব। তবে এক ম্যাচে এক ধাপে এগোতে হবে। এখন আমাদের সামনে বাংলাদেশ।’

সাফ চ্যাম্পিয়নশিপকে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হিসেবে দেখছেন ইউসুফ। আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্ব থাকলেও সাফ জেতাকে দলের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।