Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

৭ নভেম্বরের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান দুদুর

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ১৩, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহাসিক ৭ নভেম্বরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, এ দিনের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শুধু ৭ নভেম্বর নয়, সারা বছর এ নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ আয়োজিত ‘ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ও রাজনৈতিক তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ৭ নভেম্বর শুধু সিপাহি অভ্যুত্থান ছিল না, এটি ছিল সিপাহি-জনতার অভ্যুত্থান। তাঁর দাবি, ৩ নভেম্বরের ঘটনার মধ্য দিয়ে স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে সেনাবাহিনী ও সাধারণ মানুষ বিদ্রোহে অংশ নেয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবমূর্তি সামনে আসে।

তিনি বলেন, জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বাসায় অন্তরীণ রাখার বিষয়টি সেনাবাহিনী ও সাধারণ মানুষ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখেছিল। এ কারণে তারা বিদ্রোহে অংশ নেয়। তাঁর মতে, ৭ নভেম্বরের অভ্যুত্থান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেরই একটি অংশ।

মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে দুদু বলেন, ১৯৭১ সালে এক পক্ষ পাকিস্তানের কাঠামোর মধ্যে থেকে ক্ষমতায় যেতে চেয়েছিল, অন্য পক্ষ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পক্ষে ছিল। তাঁর দাবি, জিয়াউর রহমান দ্বিতীয় পক্ষের নেতৃত্ব দিয়েছেন। শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের একমাত্র নেতা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টাও সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ২৬ মার্চের প্রথম প্রহরে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। শেখ মুজিবুর রহমানের শাসনামলের সমালোচনা করে তিনি বাকশাল প্রতিষ্ঠা ও ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গও তুলে ধরেন। এ সময় দুর্ভিক্ষ নিয়ে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের গবেষণার কথা উল্লেখ করেন।

শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিয়ে ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতি নিয়েও বিতর্কিত মন্তব্য করেন দুদু। তাঁর দাবি, ওই সময় দেশের মানুষের প্রতিক্রিয়া ছিল উচ্ছ্বাসের। তিনি বলেন, ৩ নভেম্বরের ঘটনার মধ্য দিয়েই ৭ নভেম্বরের প্রেক্ষাপট তৈরি হয় এবং ওই দিনের মধ্য দিয়ে জিয়াউর রহমানের পুনরুত্থান ঘটে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে দুদু বলেন, জনগণের সমর্থন ও নির্বাচনের মধ্য দিয়ে তাঁরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এলবার্ট পি কস্টার। এতে আরও বক্তব্য দেন সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কৃষকদলের সাবেক নেতা শাজাহান মিয়া সম্রাট এবং সংগঠনটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভিপি শহীদসহ অন্যরা।