Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শতাধিক বিদেশি ব্যক্তির প্রবেশ আটকে দিলো ভারত সরকার

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ১৩, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ভারতের বিরোধী দল কংগ্রেস আয়োজিত গণতন্ত্রবিষয়ক সম্মেলনে অংশ নিতে যাওয়া ১১৫ বিদেশি বক্তার প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ নেতা শশী থারুর।

শুক্রবার (১৩ নভেম্বর) থারুর জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া ৩১৫ জন বক্তার মধ্যে ১১৫ জনকে পরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি অথবা তাঁদের ভিসা বাতিল করা হয়েছে। তাঁর দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে।

প্রবেশে বাধা পাওয়া ব্যক্তিদের মধ্যে নরওয়ের সাংবাদিক হেলে লিংও রয়েছেন। বুধবার তিনি জানান, ভারতে যাওয়ার উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ আগে তাঁর ভিসা বাতিল করা হয়। সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনায় অংশ নিতে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

এর আগে গত মে মাসে নরওয়ের রাজধানী অসলোতে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেছিলেন হেলে লিং।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শশী থারুর প্রশ্ন তোলেন, কোন আইনের কোন ধারায় সরকার এত কঠোর পদক্ষেপ নিয়েছে, তা স্পষ্ট নয়। সমালোচনার আশঙ্কায় বিভিন্ন কণ্ঠ রোধ করার এমন পদক্ষেপকে তিনি লজ্জাজনক বলেও মন্তব্য করেন।

ভারতের এডিটরস গিল্ড ভিসা বাতিলের ঘটনার নিন্দা জানিয়েছে। সংগঠনটি এ পদক্ষেপকে ‘আমলাতান্ত্রিক ক্ষমতার অতিরিক্ত প্রয়োগ’ হিসেবে উল্লেখ করেছে। কেন ভিসা বাতিল করা হয়েছে, তা প্রকাশ এবং সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

শুক্রবার ভারতের হায়দরাবাদে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। এতে ৭০টির বেশি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৈশ্বিক সহযোগিতার মতো বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হওয়ার কথা।

এ বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা এএফপি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো জবাব পায়নি।

সূত্র: এএফপি