Durnitibarta.com
ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে যুবদল নেতা বহিষ্কার,পাল্টা চাঁদাবাজির অভিযোগ

প্রতিবেদক
মামুন রাফী, বিশেষ প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে জনসম্মুখে শিষ্টাচারবহির্ভূত আচরণ ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। তবে বহিষ্কৃত এই যুবদল নেতার দাবি, একটি জমি বিক্রির ঘটনায় চাঁদাবাজির প্রতিবাদ করায় কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে নোয়াখালী পৌরসভার বিশ্বনাথ এলাকার বারিধারায় টুনু মিয়ার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আবুল খায়ের সোহেল এসব দাবি করেন। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির জ্যেষ্ঠ নেতৃত্বের সঙ্গে জনসম্মুখে শিষ্টাচারবহির্ভূত আচরণ ও দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে আবুল খায়ের সোহেলকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। একই সঙ্গে বহিষ্কৃত নেতার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আবুল খায়ের সোহেল অভিযোগ করে বলেন, তার ব্যবসা প্রতিষ্ঠানের ভবনের মালিক টুনু মিয়া। আওয়ামী লীগ সরকারের আমলে তারা বিএনপির রাজনীতি করতে তাকে নানা ভাবে সহযোগিতা করেছেন। তাদের একটি জমি জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল করিম মুক্তার অনুসারী দেলোয়ার হোসেনের মধ্যস্থতায় বিক্রি করা হয়। এ জন্য টুনু মিয়ার পরিবার দেলোয়ারকে সম্মানী হিসেবে পাঁচ লাখ টাকা দেয়।

তিনি আরও বলেন, জমি বিক্রির কয়েক মাস পর সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মুক্তা টুনু মিয়ার ছেলে রোমনের কাছে আরও ৪০ লাখ টাকা দাবি করেন। বিষয়টি জানার পর আমি মুক্তার সঙ্গে কথা বলি। একপর্যায়ে সরাসরি দেখা করতে গেলে মুক্তার লোকজন আমার ওপর হামলার চেষ্টা করেন। এ সময় আমার লোকজনও প্রতিরোধ করলে সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটে। তার দাবি, চাঁদাবাজির প্রতিবাদ করায় কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল করিম মুক্তা বলেন, সোহেল আমার ছোট ভাই। সে অনেক কথা বলছে। আমি ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত। চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।