Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হেনরির তোপে ৮৯ রানেই অলআউট ভারত

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ১৩, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ভারতের বিপক্ষে দাপট দেখাচ্ছে নিউজিল্যান্ড। চতুর্থ ওয়ানডেতে ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৮৯ রানে অলআউট হয়েছে ভারত। ফলে ২৪৪ রানের বড় জয় পেয়েছে কিউইরা।

ভারতের ওয়ানডে ইতিহাসে এটি রানের ব্যবধানে দ্বিতীয় বৃহত্তম পরাজয়। ২০০০ সালের ২৯ অক্টোবর শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ২৪৫ রানে হেরেছিল ভারত।

শুক্রবার (১৩ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ওভারেই ০ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত। ইনিংসের প্রথম বলে রোহিত শর্মাকে ফিরিয়ে শুরু করেন হেনরি। পঞ্চম ও ষষ্ঠ বলে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারকে আউট করেন তিনি। রোহিত ও শ্রেয়াস ফেরেন গোল্ডেন ডাক নিয়ে।

এরপর ঋতুরাজ গায়কোয়াড় ৫ রান করে কাইল জেমিসনের বলে আউট হন। ৯ রানে ৪ উইকেট হারানো ভারতকে কিছুটা আশা দেখান ইশান কিষান ও অক্ষর প্যাটেল। দুজনের ৪৪ রানের জুটি ভাঙেন ম্যাথু ফিশার। ২১ রান করে ফেরেন অক্ষর।

এরপর ইশান কিষান ২৭ রান করে হেনরির বলে বোল্ড হলে ৬১ রানে ৬ উইকেট হারায় ভারত। আকিব নবিকে ফিরিয়ে ফিশার তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট। পরে কুলদীপকে আউট করে ফাইফার পূর্ণ করেন হেনরি। নামান ধিরকে ফিরিয়ে ফিশার নিজের তৃতীয় উইকেট নেন। শেষ ব্যাটার গুরনুর ব্রারকে বোল্ড করে ৬ উইকেট পূর্ণ করেন হেনরি।

নিউজিল্যান্ডের হয়ে ২৭ রান দিয়ে ৬ উইকেট নেন হেনরি। ফিশার পান ৩ উইকেট, জেমিসন নেন ১টি।

এর আগে ব্যাট করতে নেমে উইল ইয়ংয়ের ১২৫ রানের ইনিংসে ভর করে ৩৩৩ রান করে নিউজিল্যান্ড। টিম সেইফার্ট করেন ৬৮ রান। উদ্বোধনী জুটিতে ইয়ং ও সেইফার্ট যোগ করেন ৮৫ রান।

সেইফার্ট ফেরার পর নিক কেলি ৪ ও ডিন ফক্সক্রফট ৮ রান করে আউট হন। এরপর ফিন অ্যালেনের সঙ্গে ১০০ রানের জুটি গড়েন ইয়ং। অ্যালেন ৪১ রান করে ফেরেন। পরে ৮৮ বলে ১১টি চার ও ৩টি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন ইয়ং। শেষ পর্যন্ত ১২৫ রান করে নামান ধিরের বলে আউট হন তিনি।

মাইকেল ব্রেসওয়েল করেন ১৫ রান। অধিনায়ক মিচেল স্যান্টনারের ব্যাট থেকে আসে ২৪ রান। ক্রিশ্চিয়ান ক্লার্ক করেন ২২ রান। কাইল জেমিসন ১৯ রানে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে আকিব নবি, গুরনুর ব্রার ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন। আর্শদীপ সিং ও নামান ধির পান একটি করে উইকেট।

সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে একই ভেন্যুতে আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।