Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

‎উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে আমরা ৩৬ দিনে তাড়িয়েছি : ছাত্রশিবির সেক্রেটারি সিবগা

প্রতিবেদক
জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ
নভেম্বর ১৩, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, “আমরা এমন এক প্রজন্ম, যারা এই উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে মাত্র ৩৬ দিনে তাড়িয়েছি।” জুলাই বিপ্লবের মাধ্যমে ক্যাম্পাসের দীর্ঘদিনের ভীতিকর পরিবেশ ও ‘গেস্টরুম’ সংস্কৃতির অবসান ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা আরও বলেন, “আগে বিশ্ববিদ্যালয়ে যেতে শিক্ষার্থীরা ভয় পেত। গেস্টরুমে গিয়ে অনেক বড় বড় স্বপ্ন একদিনেই নিঃশেষ হয়ে যেত। জুলাই বিপ্লব এসে অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। তবে বর্তমানে আমরা শিক্ষা ও কর্মসংস্থান খাতে নতুন এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি এবং দেশে বেকারত্বের হার বাড়ছে।”

কর্মসংস্থান ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “দেশে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ৫০ থেকে ৬০ হাজার মেধাবী শিক্ষার্থীর জন্য যথাযোগ্য চাকরির ব্যবস্থা নেই। এমনকি মেধাবীদের ভালো জায়গায় যাওয়ার সুযোগ সংকুচিত করার চক্রান্ত চলছে। এনটিআরসিএর পরিবর্তে দলীয় লোকের হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা থাকলে টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য হতো এবং জাতি মেধাবী শিক্ষকদের হারাত।”

ছাত্রশিবিরের সাংগঠনিক আদর্শ তুলে ধরে তিনি উল্লেখ করেন, “অন্যান্য সংগঠনের সঙ্গে ছাত্রশিবিরের মূল পার্থক্য হলো—আমরা যারা ভালো করি, তারা চাই আমাদের পরের প্রজন্ম যেন আরও ভালো করে। ছাত্রশিবির শিক্ষার্থীদের এমন একটি ‘ফুল প্যাকেজ’ দেয়, যাতে একজন শিক্ষার্থী দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রেই সফল হতে পারে।”

বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. ত্বোহা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, সংগঠনের সাবেক সদস্য এবং আট শতাধিক নবীন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে উপহার হিসেবে ব্যাগ, জার্সি, বই, পানির বোতল এবং কলম বক্স প্রদান করা হয়। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে দুটি পৃথক প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। প্রথম প্যানেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী একাডেমিক সাফল্য, পরীক্ষার খাতায় উত্তর উপস্থাপনের নিয়মাবলি, উচ্চশিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব নিয়ে দিকনির্দেশনা দেন। দ্বিতীয় প্যানেলে সংগঠনের সাবেক সদস্য ও প্রতিষ্ঠিত পেশাজীবীরা কর্পোরেট সেক্টরে সাফল্যের উপায়, উদ্যোক্তা হওয়ার পরামর্শ এবং নৈতিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।