ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের মাধ্যমে এক নারীর সামাজিক মর্যাদাহানির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।
গ্রেপ্তার খালিদ পারভেজ (২৭) ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকায়। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্র জানায়, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় খালিদ পারভেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সংশ্লিষ্ট থানার চাহিদার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারের পর রাজধানীর হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়। পরে তাঁকে ঠাকুরগাঁও সদর থানায় পাঠানোর কথা রয়েছে।
গত ১ জুলাই ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আমলি আদালতে এক নারী পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন। পরে ৯ জুলাই মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত হয়। এতে খালিদ ছাড়াও রবিউল ইসলাম (২৯) নামে একজনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ ওই নারীর সঙ্গে খালিদের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে সময় কাটান। ১৬ জুন ওই নারীকে না জানিয়ে তাঁকে তালাক দেন খালিদ। এরপরও তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
অভিযোগে আরও বলা হয়, এতে কাজ না হওয়ায় ১৯ জুন খালিদ নিজের ফেসবুক আইডি থেকে ওই নারীর গোপন ছবি ও ভিডিও প্রকাশ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী মামলা করেন।
মামলার পর থেকেই বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রংপুর ও ঢাকার এসআরবির যৌথ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

