Durnitibarta.com
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় কিশোর নিহত

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ১৪, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় আবির রহমান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে হাটহাজারী-নাজিরহাট সড়কের চারিয়া জনতা কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আবির মির্জাপুর ইউনিয়নের চারিয়া পশ্চিম কুলাল পাড়া এলাকার বাপ্পি রহমানের ছেলে।

নিহতের এক আত্মীয় জানান, প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল আবির। খাওয়া-দাওয়া শেষে রাস্তা পার হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল সে। এ সময় দ্রুতগতির নাজিরহাটগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে সড়কের পাশের খাদে ফেলে দেয়।

এতে আবিরের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার (১৪ নভেম্বর) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান। তিনি জানান, পরিবারের কাছে বিনা ময়নাতদন্তে আবিরের মরদেহ হস্তান্তর করা হয়েছে।