বিএনপি সরকার কারও সঙ্গে জুলুম করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘নন-পলাতক আওয়ামী লীগ’ দাবি করা অ্যাডভোকেট কামাল উদ্দিন মুক্তি পেয়েছেন। তার গ্রেপ্তারের খবরে বিএনপির অনেককে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। এ বিষয়ে তিনি দুপুরের দিকে চট্টগ্রামের পুলিশ কমিশনারের সঙ্গে বিস্তারিত কথা বলেন। মূলত পুলিশি নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছিল কামাল উদ্দিনকে।
রাশেদ খাঁন আরও লেখেন, আগের রাতে কয়েকজন ব্যক্তি কামাল উদ্দিনের বাড়িতে মব সৃষ্টির চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে। তবে অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় পুলিশকে আইন অনুযায়ী কিছু তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হয়েছে।
নিষিদ্ধ আওয়ামী লীগের কারও সঙ্গে যোগাযোগ না থাকায় সন্দেহভাজন মামলায় আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন।
তিনি লেখেন, এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, বিএনপি সরকার কারও সঙ্গে জুলুম করবে না। সারাদেশে আওয়ামী লীগের যেসব সাধারণ কর্মী-সমর্থক রয়েছেন, তারা শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অগ্নিসন্ত্রাসের পথ বেছে না নিলে অতীতে আওয়ামী লীগ করার কারণে তাদের নাগরিক অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত করা হবে না। অতীতে যারা জনগণের ওপর জুলুম করেননি, তাদের ক্ষেত্রেও সরকার একই নীতি অনুসরণ করবে বলে জানান তিনি।

