Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় পৃথক ঘটনায় দুই গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ
জুন ১১, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় পৃথক ঘটনায় দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—উপজেলার পাঁচগাঁও গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী সুমা আক্তার (২৫) এবং হাজীর বাজার এলাকার ইউসুফ আলীর স্ত্রী জাকিয়া সুলতানা (২২)। সোমবার (৮ জুন) রাতে ঘটে যাওয়া পৃথক এই দুই ঘটনায় ভালুকা মডেল থানায় দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

প্রথম ঘটনা (ঋণের কিস্তির চাপে আত্মহত্যা): পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের বড়চালা এলাকায় নিজ বাড়িতে ইঁদুর মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন সুমা আক্তার। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (মঙ্গলবার) দুপুরে তাঁর মৃত্যু হয়।

নিহতের স্বজনদের দাবি, সুমা স্থানীয় কয়েকটি এনজিও (পপি সমিতি, পল্লী মঙ্গল ও আশা) থেকে ঋণ নিয়ে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে নিঝুরী গ্রামের দালাল হামিদের কাছে প্রায় ৬ লাখ টাকা দেন। তবে ওই দালাল তাঁকে বিদেশে না পাঠিয়ে টাকা ফেরত দিতেও টালবাহানা করছিল। এ কারণে ঋণের কিস্তির চাপে তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত ছিলেন।

নিহতের মামি সকিনা খাতুন গণমাধ্যমকে বলেন, “ছয় লাখ টাকা তুলে দেওয়া হলেও তাকে বিদেশে পাঠানো হয়নি, টাকাও ফেরত দেওয়া হয়নি। সেই ঋণের চাপ সইতে না পেরেই সে আত্মহত্যা করেছে।”

পারিবারিক সূত্রে জানা যায়, সুমা আক্তার শৈশবে মা হারিয়ে মামার বাড়িতে বড় হন। মৃত্যুকালে তিনি পাঁচ বছর বয়সী এক কন্যা ও ১৮ মাস বয়সী এক পুত্রসন্তান রেখে গেছেন।

দ্বিতীয় ঘটনা (অসুস্থ হয়ে পোশাক শ্রমিকের মৃত্যু): অপর ঘটনায়, ধোবাউড়া উপজেলার খাগগড়া গ্রামের ইউসুফ আলীর স্ত্রী জাকিয়া সুলতানা হাজীর বাজার এলাকার সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় (লুপডট ফ্যাশন লিমিটেড) কাজ করতেন। ঈদের ছুটিতে স্বামীর সঙ্গে ভালুকায় অবস্থানকালে সোমবার রাতে তিনি তীব্র মাথাব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “সুমা আক্তার ঋণের কিস্তির চাপ সহ্য করতে না পেরে বিষপানে এবং জাকিয়া সুলতানা অতিরিক্ত ওষুধ সেবনের কারণে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।”