চলতি বর্ষা মৌসুমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, বন্যা ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী ও উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি প্রশাসক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে রয়েছে— উপজেলার আশ্রয়কেন্দ্রগুলো সার্বক্ষণিক ব্যবহারের উপযোগী রাখা, পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুতকরণ, নদীভাঙন ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সুসংহত সমন্বিত কার্যক্রম পরিচালনা করা।
জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল ও মোবাইল টিম গঠন, বিশুদ্ধ পানির সংকট নিরসনে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ, সাপের কামড়ের প্রতিষেধক (অ্যান্টিভেনম) ও প্রয়োজনীয় ওষুধ সংরক্ষণ এবং খামারিদের গবাদিপশুর খাদ্য সংরক্ষণের সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ বলেন, “সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পূর্বপ্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।”

