ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। রোববার (১৩ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর ঈশ্বরগঞ্জ থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ নবাগত অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমানকে ঈশ্বরগঞ্জ থানায় স্বাগত জানান। একই সঙ্গে নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান তারা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে নবাগত ওসির নেতৃত্বে থানা পুলিশ কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
তারা আরও বলেন, মাদক, জুয়া, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নবাগত ওসি সাজ্জাদ রোমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তিনি ঈশ্বরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি শেখ বিপ্লব হাসান জয়, সাবেক সভাপতি মনিরুজ্জামান হুজাইফা, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানউল্লাহ, সদস্য রাফিউল ইসলাম, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক তানিম হাসান ও ইসলামপুর ক্যাম্পাস প্রতিনিধি বাকি বিল্লাহসহ সংগঠনের নেতৃবৃন্দ।

