Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে জুলাই শহিদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা ও শোক মিছিল

Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে আলোচনা সভা, শোক মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একটি শোক মিছিল উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা শহিদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার আমির আব্দুল করিম। তিনি বলেন, “জুলাই বিপ্লবের বীর শহিদদের রক্ত ও ত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে তাদের এই আত্মত্যাগ যুগ যুগ ধরে জাতিকে প্রেরণা জোগাবে। শহিদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে জুলাই বিপ্লবের ইতিহাস ও শহিদদের আত্মত্যাগ তুলে ধরারও আহ্বান জানান তিনি।

ফুলপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাহাবুব রশিদ ফরাজি। তিনি বলেন, শহিদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি দুর্নীতি, বৈষম্য ও অন্যায়মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষকে নৈতিকতা, সততা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এছাড়াও বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাহাবুব আলম মণ্ডলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ও ত্যাগের চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে জুলাই বিপ্লবে শহিদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।