ময়মনসিংহের ফুলপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সাধনা ত্রিপুরার সভাপতিত্বে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, ফুলপুর বাসস্ট্যান্ডের যানজট নিরসন এবং অবৈধ দোকানপাট উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় ইউএনও সাধনা ত্রিপুরা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ উজ্জ্বল হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, ফুলপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান এবং পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

