বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ফুলপুরেও নানা আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল বাদ আসর ফুলপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এবং পৌরসভার বিভিন্ন স্থানে আলাদাভাবে এসব দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রধান দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
পৌর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, দলীয় সদস্য এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা ওয়াহেদুজ্জামান মিঠুন ও এ.কে.এম আরিফুল হকের যৌথ উদ্যোগে পৃথক স্থানে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় যুবদল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

