গৌরীপুর উপজেলা প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামে যুবসমাজকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ‘তারুণ্য ক্লাবের’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি ওবায়দুল হক ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ক্লাবের প্রধান দাতা নাসিরুল ইসলাম।
অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন নাসির বলেন, যুবসমাজকে মাদক, ইভটিজিং ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রেখে শিক্ষা, ক্রীড়া, মানবসেবা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই ক্লাবের অন্যতম লক্ষ্য। তরুণদের শক্তিকে সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, ‘আমরা নিজেদের মানুষের সেবায় নিয়োজিত রাখতে চাই। সমাজের অন্যায়-অবিচার ও অপরাধ প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি তরুণদের সুন্দর ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই।’
অনুষ্ঠানে ক্লাবের সাংগঠনিক সম্পাদক লিমন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্লাবের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, তরুণদের সংগঠিত করে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁরা ‘তারুণ্য ক্লাবের’ কার্যক্রম সফল করতে সহযোগিতার আশ্বাস দেন।

