Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় মুসল্লিদের নিয়ে অপরাধ প্রতিরোধে ওসি’র মতবিনিময়

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ২, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

আবদুল কাদির :

:নেত্রকোনার পূর্বধলায় মাদক, অনলাইন জুয়া, প্রতারণা ও সামাজিক অপরাধ প্রতিরোধে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার (২ অক্টোবর/২৬) উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুনাইকান্দা জামে মসজিদে জুমার নামাজের পুর্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ৩০০ থেকে ৩৫০ জন মুসল্লি অংশ নেন।
মতবিনিময়ে মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর দিক তুলে ধরে শিশু-কিশোরদের এসব অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জমিজমা নিয়ে বিরোধে জড়িয়ে সংঘাত সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের পরামর্শ দেওয়া হয়।
পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি বিকাশসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রতারণা থেকে নিরাপদ থাকতে সবাইকে সচেতন করা হয়। অপরিচিত ব্যক্তির কথায় আর্থিক লেনদেন না করা এবং সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।
এ সময় বাবা-মায়ের প্রতি সদয় আচরণ, পারিবারিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন ওসি
মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি মানুষের সচেতনতা জরুরি। পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো রাখা সম্ভব। মতবিনিময় শেষে স্থানীয় মুসল্লিদের বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয় শোনেন তিনি।#