Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রতিবেদক
Dhaka Office
অক্টোবর ২৩, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে টঙ্গীর আউচপাড়া এলাকার ‘করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’য় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের নাম মুসলেউদ্দিন। ঘটনার সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত তিন দিন আগে ওই শিশু শিক্ষার্থী মাদ্রাসায় নিপীড়নের শিকার হয়। ঘটনার পর থেকেই শিশুটির মধ্যে মানসিক ট্রমা ও অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন অভিভাবকরা। প্রথমে ভয়ে কিছু না বললেও পরবর্তীতে বাবা-মায়ের জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি বিস্তারিত প্রকাশ করে। সে জানায়, ঘটনাটি কাউকে জানালে মারধর করা হবে বলে তাকে হুমকি দিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক।

বিষয়টি জানার পর বুধবার দুপুরে শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা সেখানে উপস্থিত হন। জনসম্মুখে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে অশালীনভাবে স্পর্শ করার কথা স্বীকার করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষক মুসলেউদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনানুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”