যশোরে জমির জাল বায়নানামা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক কলেজ শিক্ষকের পরিবারকে অর্থ দাবি, হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, যশোর জেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরানের রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে তাঁর মামা সোহরাব হোসেন ভুট্টো এবং আব্দুল গনি পরিবারটিকে চাপ প্রয়োগ করছেন।
ভুক্তভোগী তানজীনা ফেরদৌসের পরিবারের দাবি, তাঁর মালিকানাধীন সম্পত্তি নিয়ে বাবা মোফাজ্জেল হোসেনের নামে একটি কথিত জাল বায়নানামা তৈরি করে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি আদালত ও লিগ্যাল এইডে বিচারাধীন থাকলেও বিভিন্নভাবে তাঁদের কাছে টাকা দাবি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ পরিবারের।
অভিযোগ অনুযায়ী, গত ৯ নভেম্বর আব্দুল গনি ও সোহরাব হোসেন ভুট্টো কলেজশিক্ষক মোফাজ্জেল হোসেনের কর্মস্থলে গিয়ে তাঁকে হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় টাকা না দিলে এলাকায় নিরাপদে চলাফেরা করতে দেওয়া হবে না এবং কীভাবে টাকা আদায় করতে হয়, তা তাঁদের জানা আছে বলে হুমকি দেওয়া হয় বলে দাবি পরিবারের।
এ ছাড়া মোবাইল ফোনে কল ও লোকজন পাঠিয়ে পরিবারের সদস্যদের নিয়মিত চাপ প্রয়োগ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, সোহরাব হোসেন ভুট্টো তাঁর ভাগ্নে ছাত্রদল নেতা ইমরানের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, সোহরাব হোসেন ভুট্টোর বিরুদ্ধে অতীতে আলোচিত হেমায়েত হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি থাকার বিষয় রয়েছে। তিনি কৃষক দলের আরবপুর ইউনিয়ন পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবেও পরিচিত বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের বক্তব্য, জমি বায়না জনিত কোনো দাবি থাকলে তা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। বিচারাধীন বিষয়কে কেন্দ্র করে কর্মস্থলে গিয়ে হেনস্তা, অর্থ দাবি ও প্রাণনাশের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় কথিত জাল বায়নানামার সত্যতা যাচাই, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

