Durnitibarta.com
ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জ থানায় আইনশৃঙ্খলা রক্ষায় টহল গাড়ি দিলেন এমপি

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ৩, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আবদুল কাদির :

আসামি গ্রেপ্তার বা জরুরি অভিযানে থানার গাড়ি ব্যস্ত থাকলে সিএনজি অটোরিকশা ভাড়া করে ঘটনাস্থলে যেতে হতো ঈশ্বরগঞ্জ থানা-পুলিশকে। এবার সেই সংকট কিছুটা কমাতে থানায় যুক্ত হয়েছে একটি পুলিশ কভার ভ্যান।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ব্যক্তিগত উদ্যোগে গাড়িটি উপহার দিয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার ও ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের হাতে গাড়ির চাবি তুলে দেন সংসদ সদস্য।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, থানায় আগে দুটি গাড়ি থাকলেও উপজেলার বিভিন্ন এলাকায় একসঙ্গে একাধিক অভিযান বা জরুরি দায়িত্ব পড়লে যানবাহনের সংকট দেখা দিত। প্রায় ২৮৬ বর্গকিলোমিটার আয়তনের উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় নতুন কভার ভ্যানটি পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে সহায়ক হবে।
ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, ‘নতুন গাড়িটি পাওয়ায় একাধিক জায়গায় পুলিশি কার্যক্রম পরিচালনা সহজ হবে। এতে পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে।’
সংসদ সদস্য মাজেদ বাবু বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো গুরুত্বপূর্ণ। এ প্রয়োজন বিবেচনা করেই কভার ভ্যানটি দেওয়া হয়েছে।’#