Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

দুইবার ইনজেকশনেই এইচআইভি প্রতিরোধ, নতুন ওষুধে আশার আলো

প্রতিবেদক
Durnitibarta ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

এইচআইভি সংক্রমণ প্রতিরোধে নতুন সম্ভাবনা তৈরি করেছে লেনাক্যাপাভির নামের একটি ওষুধ। বছরে মাত্র দুইবার ইনজেকশন নিলেই এইচআইভি সংক্রমণের ঝুঁকি প্রায় পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ওষুধটির সাশ্রয়ী জেনেরিক সংস্করণের প্রথম চালান ইতিমধ্যে জাম্বিয়ায় পৌঁছেছে। এবার উগান্ডায়ও এর সরবরাহ শুরু হতে যাচ্ছে।

গ্লোবাল ফান্ডের তথ্য অনুযায়ী, জনপ্রতি বছরে মাত্র ৪০ ডলার খরচে ওষুধটি সরবরাহের প্রত্যাশা করা হচ্ছে। ফলে এইচআইভি সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা নিম্ন ও মধ্যম আয়ের দেশের মানুষের জন্য প্রতিরোধমূলক চিকিৎসাটি আরও সহজলভ্য হতে পারে।

মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সেসের তৈরি মূল ওষুধটির বার্ষিক মূল্য যুক্তরাষ্ট্রে প্রায় ২৮ হাজার ডলার। এত বেশি দামের কারণে উন্নয়নশীল দেশের মানুষের জন্য এটি ব্যবহার করা কঠিন ছিল। তবে সাশ্রয়ী জেনেরিক সংস্করণ বাজারে আসায় পরিস্থিতির পরিবর্তনের আশা তৈরি হয়েছে।

লেনাক্যাপাভির এইচআইভি ভাইরাসের সুরক্ষামূলক প্রোটিন আবরণকে লক্ষ্য করে কাজ করে। এতে ভাইরাসটির বংশবিস্তার ও সংক্রমণক্ষমতা বাধাগ্রস্ত হয়। ২০২৪ সালে উগান্ডা ও দক্ষিণ আফ্রিকায় পাঁচ হাজারের বেশি কিশোরী ও তরুণীর ওপর পরিচালিত এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা যায়, ওষুধটি গ্রহণকারীদের মধ্যে কেউই এইচআইভিতে আক্রান্ত হননি।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন এইচআইভি প্রতিরোধী বড়ি বা প্রি-এক্সপোজার প্রোফিল্যাক্সিস গ্রহণের তুলনায় বছরে দুইবার ইনজেকশন নেওয়া অনেক বেশি সুবিধাজনক। এতে নিয়মিত ওষুধ খাওয়ার প্রয়োজন কমে এবং সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে চিকিৎসা গ্রহণে তৈরি হওয়া বাধাও কমতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৫ সালের জুলাইয়ে এইচআইভি প্রতিরোধে লেনাক্যাপাভির ব্যবহারের সুপারিশ করে।

গ্লোবাল ফান্ড জানিয়েছে, ইতিমধ্যে ১০টি দেশের ১ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ ওষুধটির প্রথম ডোজ গ্রহণ করেছেন। চলতি বছরের শেষ নাগাদ ২৪টি দেশে সরবরাহ পৌঁছানোর প্রত্যাশা রয়েছে। ২০২৮ সালের শেষ নাগাদ মার্কিন সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে অন্তত ৩০ লাখ মানুষের কাছে ওষুধটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ১২০টি নিম্ন ও মধ্যম আয়ের দেশে এটি সহজলভ্য করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আফ্রিকার জন্য এ উদ্যোগ বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্বে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের প্রায় দুই-তৃতীয়াংশ সাব-সাহারা আফ্রিকার বাসিন্দা। অন্যদিকে, গত বছর বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি ১০ লাখ মানুষ এইচআইভি নিয়ে বসবাস করেছেন এবং এইচআইভিসংশ্লিষ্ট রোগে প্রাণ হারিয়েছেন প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষ।

আন্তর্জাতিক সহায়তা ও তহবিল কমে যাওয়ায় আফ্রিকার এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমে অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতিতে সাশ্রয়ী লেনাক্যাপাভিরের সরবরাহ এইচআইভি প্রতিরোধে নতুন আশার আলো দেখাচ্ছে। সূত্র: বিবিসি।