Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি, বেতন ১ লাখের বেশি

প্রতিবেদক
Durnitibarta ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে। এ পদে ১৫০ জন নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নবম গ্রেডে নিয়োগ পাওয়া প্রার্থীদের মূল বেতন হবে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কম বা বেশি হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

সহকারী পরিচালক পদে আবেদন করতে হলে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।

আগামী ২৭ ডিসেম্বর বা তার আগে যেসব প্রার্থীর স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রির ফল প্রকাশিত হবে, তাঁরাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা ও বেতন

আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতন স্কেলে নিয়োগ দেওয়া হবে। এর সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও যুক্ত হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইন আবেদনপত্র পূরণ করে আবেদন করতে হবে। যেসব প্রার্থীর ওই ওয়েবসাইটে আগে থেকেই সিভি রয়েছে, তাঁরা বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। অন্যদের নতুন করে সিভি তৈরি করতে হবে।

আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলা কিউআর সমর্থিত ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার পেমেন্ট অ্যাপের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধ ও পেমেন্ট যাচাইয়ের শেষ সময় ৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। এ ফি ফেরতযোগ্য নয়।

নিয়োগ পরীক্ষা যেভাবে

প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর এবং লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

আবেদনের সময় কোনো কাগজপত্র পাঠাতে হবে না। তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনে দেওয়া তথ্যের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে হবে।

চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় তাঁদের অনাপত্তিপত্র জমা দিতে হবে।

নিয়োগের ক্ষেত্রে কোটাসংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবেদনের শেষ সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় হাতে রেখে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন