Durnitibarta.com
ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Link Copied!

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধীতপুর গ্রামে জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘটিত বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামি মিরাশ উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে গত শনিবার (১১ জুলাই) দুপুরে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে আইল কাটা নিয়ে মো. ইউসুফ আলীর (৭০) সঙ্গে প্রতিবেশী মিরাশ উদ্দিন ও তাঁর ছেলে সবুজ মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা ইউসুফ আলীর ওপর হামলা চালিয়ে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাঁর মৃত্যু হয়। হামলার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

ফুলপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ জুলাই) মধ্যরাত পৌনে একটার দিকে ময়মনসিংহ কোতোয়ালি থানার উজান বারুরা এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মিরাশ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”