ডেস্ক নিউজ:
মানিকগঞ্জের একটি বাড়িতে গ্যাসের পাইপ লাইন লিকেজ হয়ে আগুন লেগেছে। এতে এক শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মো. রাশেদ, তার স্ত্রী মোছা. সোনিয়া আক্তার ও আড়াই বছরের শিশু রিফাত।
দগ্ধদের প্রতিবেশী কামাল আহমেদ বলেন, ‘ওই বাসায় রাতে কয়েল জ্বালানো হয়। ভোরে গৃহকর্তা রাশেদ ঘুম থেকে উঠে ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে বের হওয়ার পরপরই ঘরে অগ্নিকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, রান্নাঘরে গ্যাস লাইনের লিকেজ থাকায় কয়েল থেকে আগুন ধরে যায়। আগুন তীব্র আকার ধারণ করে তিনজন দগ্ধ হন।’
শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন ঢাকাটাইমসকে জানান, রাশেদ ৮৫ শতাংশ, সোনিয়া ২০ শতাংশ ও শিশু রিফাত ৪০ শতাংশ দগ্ধ হয়েছেন।
দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ডা. এস এম আইউব হোসেন ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘দগ্ধ তিনজনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।’

