মাদক, জুয়া, অনলাইন ক্যাসিনো, কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে স্থানীয় মানুষের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। এমন বার্তা দিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রুমন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৮ নং রাজিবপুর ইউনিয়ন বাজারে বিট পুলিশিং ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজিবপুর ইউনিয়ন বাজারে মাদক, জুয়া, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর অপরাধ ও অনলাইন ক্যাসিনো প্রতিরোধে এ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রুমন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি সাজ্জাদ রুমন বলেন, মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনো একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। এসব অপরাধ প্রতিরোধে পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। তবে শুধু পুলিশের অভিযান দিয়ে অপরাধ নির্মূল করা সম্ভব নয়; এলাকার সাধারণ মানুষকে এগিয়ে এসে পুলিশকে তথ্য ও সহযোগিতা দিতে হবে।
তিনি আরও বলেন, কোনো এলাকায় মাদক বিক্রি, জুয়া, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ওসি বলেন, শিশু-কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শিক্ষামুখী ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির বলেন, রাজিবপুর ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে। মাদক, জুয়া ও অপরাধমুক্ত সমাজ গড়তে জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
সভায় রাজিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঞ্জুরুল হক, সদস্য সচিব হাফেজ খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, রাজিবপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বাতেন, ইউপি সদস্য আবু কালাম, রাজিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি, বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ সভায় অংশ নেন।

