নিজস্ব প্রতিবেদক।। ময়মনসিংহে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ সদর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব মিয়া (৩৫) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মধ্য বাড়েরা আকুয়া বাইপাস এলাকার মোহাম্মদ মোজাম্মেল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব মিয়া বাড়ির পাশে একটি গাছে উঠে বিদ্যুতের তারসংলগ্ন একটি ডাল কাটতে যান। এতে হঠাৎই বিদ্যুতায়িত হন তিনি। পরে খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মীরা বিপ্লবের লাশ উদ্ধার করেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভি এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, শুক্রবার বেলা ১১ টা ২০ মিনিটে “আকুয়া বাইপাস নামক স্থানে গাছে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজন লোক গাছের ডালে ঝুলে আছে” এমন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি চৌকস উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌছে। পরে আটকে থাকা ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের লোকদের কাছে হস্তান্তর করা হয় ।

