ষ্টাফ রিপোর্টার: ৯ম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে, তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মশাল মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার রাজিবপুর ইউনিয়নের মধুপুর-ঈশ্বরগঞ্জ রোডে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবীর শাহীনের নেতৃত্বে মিছিলটি বের করে নেতাকর্মীরা। মশাল মিছিলে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য সোহেল মিয়া, ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য আজিজুল হক আজিজ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোবারক হোসেন প্রমুখ। এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান। এছাড়াও সরকার তড়িঘরি করে যে তামাশার নির্বাচন করতে চাচ্ছে তা কোনোদিনও হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

